রাজধানীতে মেয়র হানিফ উড়ালসড়কে বাসের চাপায় পা হারানো কমিউনিটি পুলিশের সদস্য আলাউদ্দিন সুমন মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ১২ মে মেয়র হানিফ ফ্লাইওভারে দায়িত্ব পালন করার সময় গুলিস্তানগামী তারাবো পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে নেওয়া হয় পঙ্গু হাসপাতালে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার দিবাগত রাত রাত ৯টার দিকে তিনি মারা যান।
মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই জহুরুল ইসলাম বলেন, আলাউদ্দিনের লাশের ময়নাতদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ বাসচালক ইকবাল হোসেনকে (২৩) গ্রেফতার করেছে। তিনি এখন কারাগারে আছেন। ওই চালকের ড্রাইভিং লাইসেন্স নেই।
এর আগে এপ্রিলেই রাজধানীর কাওরানবাজারে দুই বাসের রেষারেষিতে হাত হারানো কলেজ ছাত্র রাজীব হোসেনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার কয়েক দিন পর বনানীতে বাসচাপায় পা হারানো রোজিনা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইত্তেফাক/মোস্তাফিজ
