যুক্তরাষ্ট্রের নিউজার্সী বিএনপির তিন গ্রুপের নেতারা পদত্যাগ করেছেন

আপডেট : ১৯ মে ২০১৮, ০০:৩৪

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিউজার্সি স্টেট বিএনপির বিবাদমান কমিটি ছিলো তিনটি। কর্মসুচি পালন করে আসছিলো আলাদাভাবে। এ নিয়ে কয়েকবার কেন্দ্রের নেতারা বৈঠক করে আপোষরফার চেষ্টা করেছেন। তবে কিনারা করতে ব্যর্থ হন। অবশেষে সম্প্রতি তাদের বিবাদের সুরাহা হয়েছে। তারা ঐক্যের স্বার্থে পদত্যাগ করেছেন। এখন নতুন কমিটি হলে তারা ঐক্যবদ্ধভাবে মেনে নিতে সম্মত হয়েছেন।

দীর্ঘকাল ধরে চলে আসা এই বিবাদ মীমাংসায় প্রধান ভূমিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। তিনি গত ১৫মে বিবাদমান বিএনপির তিন গ্রুপের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করেন। তার আহবানে দীর্ঘদিনের কোন্দল ত্যাগ করে সকল মতপার্থক্য ভুলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন এবং আগামী দিনের কিছু কর্মসূচী হাতে নেন। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কোন্দলে লিপ্ত সকল কমিটি, উপ-কমিটি এবং বিদ্রোহী কমিটি নেতৃবৃন্দ কমিটি বিলুপ্ত করে লিখিতভাবে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।

মোহাম্মদ দীদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আশিক ইসলাম বলেন, জেল জুলুম মামলা হামলার চাইতেও দলের ভয়ংকর শত্রুর নাম হচ্ছে অবিশ্বাস। অবিশ্বাস থেকে জন্ম অনৈক্য বিভেদ। যা আজ দলকে দুর্বল করে দিচ্ছে। দেশ ও দলের এই ক্রান্তিকালে তাই ঐক্যের কোন বিকল্প নাই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাহবুবুর রহমান চুন্নু, সৈয়দ কাওসার, রহমান বাবুল, মোসাদ্দেক মওলা, মোহাম্মদ আলী, রানা কবির,শিকদার আহমেদ, মিরাজ খান, তানিম চৌধুরী, আলী হোসেন, আলী রেজা, মোহাম্মদ আকাশ সহ প্রমুখ।

সকলেই বিএনপির বিবাদমান বিভিন্ন গ্রুপের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ছিলেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান তাদের আদর্শ, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত শক্তিশালী করা তাদের একমাত্র উদ্দেশ্য। আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করা তাদের লক্ষ্য।

সকলে অঙ্গীকার করেন আগামীতে যে কোন মুল্যে দলের ঐক্য ধরে রাখবেন। কেন্দ্র ঘোষিত  কর্মসুচী পালন করবেন। আমেরিকার যে সকল স্টেটে একাধিক গ্রুপ নাই তাদের সাথে যৌথভাবে কাজ করবেন।

মোহাম্মদ দীদার জানান, আগামী  ৩০মে সম্মিলিতভাবে ইফতার ও দোয়া মহফিল আয়োজন করেবেন সকলে মিলে। বর্তমান সরকারের অধীনে কোন জাতীয় নির্বাচন নয় কেন - সে বিষয়ে প্রচার প্রচারণা ও জনমত গঠনসহ নানবিধ কর্মসুচী পালনের অঙ্গীকার করেন নেতারা।

এ সকল দায়িত্ব পালনের জন্য সকলের সম্মতিতে প্রধান উপদেষ্টা হিসাবে মাহবুবুর রহমান চুন্নু, আহবায়ক হিসাবে সৈয়দ কাওসার এবং সদস্য সচিব হিসাবে রহমান বাবুল কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন নুতন বৈধ কমিটি গঠনের আগ পর্যন্ত। সকলে তাদের সহযোগিতা করবেন।

ইত্তেফাক/নূহু