প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আয়োজনে ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরের ভবিষ্যৎ দক্ষতা নিরূপণের লক্ষ্যে এক কর্মশালা গত বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্দেশ্য ছিল ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরের ঝুঁকিপূর্ণ পেশা ও ট্রেডসমূহ চিহ্নিত করা, যা চতুর্থ শিল্প-বিপ্লব বা অটোমেশনের ফলে বিলুপ্ত হতে পারে। পাশাপাশি এ সেক্টরের শিল্প-প্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ফলে নতুন নতুন যে সকল কর্মসংস্থান ও ট্রেডভিত্তিক দক্ষতার চাহিদা তৈরি হবে, তা চিহ্নিত করা।
উল্লেখ্য যে, শিল্প বিপ্লবের বিভিন্ন ধাপ পেরিয়ে বর্তমান বিশ্ব ৪র্থ শিল্প বিপ্লবের দিকে ধাবিত হচ্ছে যার মূল ধারণা হলো শিল্পের অটোমেশন বা শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার। বর্তমানে উন্নত দেশগুলোতে শিল্পের অটোমেশনের ফলে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তেমনি বিলুপ্ত হচ্ছে অনেক সনাতন পেশার কর্মসংস্থান।
এ কর্মশালায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধি, বিভিন্ন হোটেল রিসোর্টের মালিক/প্রতিনিধি ও এ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব (এসডিজি বিষয়ক) মো. মোকাম্মেল হোসেন।
ইত্তেফাক/এএম
