ইফতারিসহ সকল খাদ্য ভেজাল ও বিষমুক্তের দাবি

আপডেট : ১৯ মে ২০১৮, ১৭:৪৮
ইফতারিসহ সকল খাদ্য ভেজাল ও বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামসহ (নাসফ) অন্যান্য সমমনা ১৫টি সংগঠন।
 
আজ শনিবার সকালে চকবাজার জামে মসজিদের সামনে, ‘পবিত্র রমজানে সুস্বাস্থ্য নিশ্চিতে- ইফতারিসহ সকল খাদ্য ভেজাল ও বিষমুক্ত চাই’- দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
 
এতে সংগঠনের নেতারা বলেন, পবিত্র রমজানে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এখনই ইফতারিসহ সকল খাদ্য ভেজাল ও বিষমুক্ত নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থা এবং গণমাধ্যমসহ সকল স্তরের জনগণকে একসাথে কাজ করতে হবে।
 
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাসফ-এর সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, পবা’র সম্পাদক এম এ ওয়াহেদ, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ-এর সভাপতি নাজিম উদ্দিন, সুবন্ধন সমাজ কল্যাণ সংগঠন-এর সভাপতি হাবিবুর রহমান, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ।
 
মানববন্ধনে বিষাক্ত খাদ্যের ভয়াবহতা বিবেচনায় ফরমালিন নিয়ন্ত্রণ আইন, নিরাপদ খাদ্য আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
 
ইত্তেফাক/এমআই