বংশালে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৪ শ্রমিক

আপডেট : ১৯ মে ২০১৮, ১৯:১২
রাজধানীর বংশালে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ ৪ জনই কারখানার শ্রমিক। তারা হলেন, রফিকুল ইসলাম, ফারুক, নাইম ও মাহবুব। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তবে এদের মধ্যে রফিকুলের অবস্থা আশঙ্কাজনক। 
 
ফায়ার সার্ভিস সদর দফতর সূত্র জানায়, গত রাত ২টার দিকে বংশালে আগামসি লেন মসজিদের পাশে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করে রাত ৩টা নাগাদ তা নিয়ন্ত্রণে আনে। পরে রাত চারটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। এসময় চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। 
 
কারখানাটির মালিক শহিদুল ইসলাম জানান, কারখানার স্টোভ থেকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভেতরে থাকা চার শ্রমিক দগ্ধ হয়।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থশঙ্কর পাল জানান, দগ্ধদের মধ্যে রফিকুলের শরীরের ৫০ শতাংশ, ফারুকের শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে। এছাড়া নাঈম এবং মাহফুজের শরীরের সামান্য পুড়ে গেছে। এরমধ্যে রফিকুলের অবস্থা গুরুতর।
 
ইত্তেফাক/এমআই