উন্নত চিকিত্সা প্রয়োজন সুবীর নন্দীর

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:১৫

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী আগের চেয়ে খানিকটা ভালো আছেন, তবে এখনো শঙ্কামুক্ত হননি। তাই দেশের বাইরে উন্নত চিকিত্সার কথা বলছেন চিকিত্সকরা।

বৃহস্পতিবার সুবীর নন্দীর জন্য গঠিত সিএমএইচ চিকিত্সা বোর্ড তার পরিবারকে বিদেশ নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে বিদেশ নেওয়ার বিষয়ে এই সঙ্গীতশিল্পীর জামাতা ড. রাজেশ শিকদার বলেন, ‘বিদেশ নেওয়ার পক্ষে আমরাও। কিন্তু বললেই তো আর বিদেশ নেওয়া যায় না। অর্থ, প্রস্তুতি সবকিছু গুছিয়েই নিয়ে যেতে হবে। আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি, এ হাসপাতালে আরো দু-তিনদিন তাকে রাখা হবে। তারপর আমরা উন্নত চিকিত্সার জন্য বিদেশ নিয়ে যাবো।’

এদিকে সুবীর নন্দীর পরিবারের ঘনিষ্ঠজন তৃপ্তি কর বলেন, ‘আজ (গতকাল) সকালে সুবীর নন্দীর লাইফ সাপোর্টের বিভিন্ন অংশ খুলে লম্বা সময় নিরীক্ষা করেন চিকিত্সকরা। পরে আবারো লাইফ সাপোর্টেই রাখা হয়েছে। কারণ তার হার্টের অবস্থা বেশ নাজুক।’

উল্লেখ্য, পহেলা বৈশাখের রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। রাতেই তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে থাকতেই হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী।