বিদায় বেলায় আবেগাপ্লুত ইনিয়েস্তা

আপডেট : ২১ মে ২০১৮, ১৭:০৪
কয়েক সেকেন্ডের বিরতি। গ্যালারিতে জ্বলে উঠল হাজার ‘জোনাকি’র আলো। ‘বিদায় ইনিয়েস্তা’ গেয়ে উঠল গোটা গ্যালারি। সঙ্গে বার্সেলোনার জয়ধ্বনি। জোনাকির আলো আস্তে আস্তে বড় হল। বাজল ডিজে, নানা অনুষ্ঠান। আলোর খেলা গোটা স্টেডিয়াম জুড়ে। তার মধ্যেই কোথায় লুকিয়ে থাকল আন্দ্রে ইনিয়েস্তার বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচ। কুটিনহো গোল করে দলকে জিতিয়েই ইনিয়েস্তাকে বিদায় জানালেন।
 
আলোটা নিভে যাওয়ার ঠিক আগে, রিজার্ভ বেঞ্চে একা বসেছিলেন ইনিয়েস্তা। ক্যামেরা সেদিকে তাঁক করা হলে দেখা গেল তার চোখের পানি ছলছল করছে। মাঠে থাকলেন ৮৪ মিনিট। যতক্ষণ থাকলেন, গোলের বল বাড়ানোর জন্য ছটফট করতে দেখা গেল মাঝ মাঠের এই শিল্পীকে। মেসির সঙ্গীদের মধ্যে জাভি আগেই বিদায় নিয়েছিলেন। এ বার বিদায় ইনিয়েস্তার। তাই হয়তো মাঠে দীর্ঘ দিন পর আবার দেখা গেল জাভিকে। তিনিই মেসির হাতে ট্রফি তুলে দিলেন।  
IMG0
আর দেখা যাবে না জাভি থেকে ইনিয়েস্তা হয়ে মেসির গোল। মেসি আরও গোল করবেন বার্সার হয়ে, কিন্তু ধারাভাষ্যে এই নামগুলো আর এ ভাবে শোনা যাবে না। ইনিয়েস্তা তো বলেই দিয়েছেন, কখনও খেলবেন না বার্সেলোনার বিপক্ষে। লা লিগা আগেই জিতে গিয়েছিল বার্সেলোনা। আজ নিয়মরক্ষার ম্যাচে শেষ হল মৌসুম। নতুন প্রস্তুতি শুরু হবে। হয়তো মেসিকে পিছন থেকে বল বাড়াবেন অন্য কেউ। কিন্তু, ইনিয়েস্তারা থেকে যাবেন বার্সেলোনার হয়ে মেসির সব ম্যাচে। এই ক্যাম্প ন্যুতে।
 
লা লিগার পুরস্কার মঞ্চ এদিন ছিল শুধুই ইনিয়েস্তার। তার হাতেও তুলে দেওয়া হল ফ্রেমবন্দি তাঁরই ৮ নম্বর জার্সি। চোখের জল আর বাধ মানল না ইনিয়েস্তার। গোটা বার্সেলোনা দলের চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস— সব চলে গেল ইনিয়েস্তার সঙ্গেই। মাইক হাতে কথা বলতে বলতে বার বার গলা ধরে এল। তখন মেসির চোখেও পানি। গার্ড অব অনার দেওয়া হয়েছিল বুঁফোকে। ইনিয়েস্তাকে কোলে তুলে নিল গোটা দল। ছুড়ে দিল আকাশে, লুফে নিল একই ভাবে। বুঝিয়ে দিল চলেও গেলেও, ‘তুমি থাকবে’।
 
ইত্তেফাক/কেআই