ট্রেলার ও টিজার বাজিমাত করেছিল ‘কলঙ্ক’। দর্শকদের মনে ছবি ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা। অবশেষে গত বুধবার মুক্তি পেল সেই বহুল প্রতীক্ষিত ছবিটি। কলঙ্ক’র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিল গোটা বলিউড। অভিনয়, পরিচালনা ও ভিডিওগ্রাফি দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। বক্স অফিসেও হিট! প্রথমদিনেই সিনেমাটি ২০১৯ সালের এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার তকমা পেয়েছে। আয় করেছে ২২ কোটি রুপি।
অভিষেক বর্মণ পরিচালিত সিনেমাটি নিয়ে তারপরও তৈরি হলো শঙ্কা! প্রথমদিনের ব্যবসা ভালো হলেও আগামী দিনগুলোতে ‘কলঙ্ক’ কতটা আয় করবে তা নিয়ে সন্দিহান বক্স অফিস। ভারতীয় বক্স অফিস কর্তৃপক্ষ এক মন্তব্যে জানিয়েছে, সিনেমাটি প্রথমদিনে খুবই ভালো চলেছে এটা ঠিক। কিন্তু তরুণ প্রজন্মের কাছে গল্পটা কতটা পৌঁছাবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। প্রথমদিনের এই সাফল্য কতটা স্থায়ী হবে তা বোঝা যাবে দিন কয়েক পর। মহাবীর জয়ন্তীর দিন ছুটি থাকায় হয়তো ব্যবসা ২৫ শতাংশ বাড়তে পারে। সাম্প্রতিক সময়ে এত বড় বাজেটের আর কোনো সিনেমা মুক্তি পায়নি।
বুধবার মুক্তি পাওয়ার পর ‘কলঙ্ক’ মোটামুটি ভালোই মন্তব্য পেয়েছে চলচ্চিত্র সমালোচকদের কাছে। শৈবাল চ্যাটার্জী নামের একজন লিখেছেন, ‘শুধুমাত্র কী বলেছে তার জন্যই নয়, কীভাবে বলেছে গল্পটি সেটা জানার জন্যও সিনেমাটি দেখা উচিত।’
সিনেমাটির প্রযোজক করণ জোহর বলেন, ‘গল্পটা সবার জন্যই। দু-ঘণ্টার চেয়ে খানিকটা বেশি সময়ে এতকিছু আছে দেখার মতো, যা সবাইকেই চমকে দিয়েছে। যারা এখনো এটি দেখেননি, আমি বিশ্বাস করি তারা দেখে ফেলবেন। কারণ এমন সিনেমা সবসময় হয় না।’
বেশিরভাগ রিভিউতে আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত ও বরুণ ধাওয়ানের বিশেষ প্রশংসা করা হয়েছে। ‘কলঙ্ক’ আসলে রূপ ও জাফরের অবৈধ ভালোবাসার গল্প।
