‘রাহী হবেন বাংলাদেশের চমক’

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:২৬

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও নির্বাচকদের চোখে পূর্ণ ফিট নন তাসকিন আহমেদ। পঞ্চম পেসার হিসেবে তাই বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি তাসকিনের। তার বাদ পড়ায় বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন আবু জায়েদ রাহী। ডানহাতি এই পেসারের মাঝে অনেক সম্ভাবনা দেখছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ‘চমক’ হবেন রাহী- এমনটাই আশা সাবেক এই অধিনায়কের।

এছাড়া বিশ্বকাপে সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন হয়েছে বলে মনে করেন ফারুক আহমেদ। তবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর দল পরিবর্তন হতে পারে বলে ক্রিকেটারদের চাপে রাখতে নারাজ তিনি। তার মতে, বিশ্বকাপের আগে ক্রিকেটারদের চিন্তামুক্ত রাখা এবং আত্মবিশ্বাস যোগানো উচিত বলে জানিয়েছেন তিনি। ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপে অনেক সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। এই দুটি বিশ্বকাপেই প্রধান নির্বাচক ছিলেন ফারুক আহমেদ।

গতকাল মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিশ্বকাপ দল সম্পর্কে এই সাবেক ক্রিকেটার বলেছেন, ‘আমার মনে হয় দল ভালো হয়েছে। সম্ভাব্য সেরা প্লেয়ারদের মধ্যেই দল বানানো হয়েছে। বাংলাদেশ দলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যাতে বিশ্বকাপে ওরা ভালো খেলে। এখন বাকিটা হল সবাই মাঠে গিয়ে পারফর্ম করা।’

বাংলাদেশের হয়ে পাঁচটি টেস্ট ও তিনটি টি-২০ খেলেছেন রাহী। ২৫ বছর বয়সী এই ডানহাতি পেসার এখনও কোনো ওয়ানডে খেলেননি। তবে বল হাতে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফরে সাদা পোশাকে ভালো বোলিং করেছেন তিনি। দুই দিকেই সুইং করানোর দক্ষতা দেখিয়েছেন। সুইং করানোর সহজাত ক্ষমতা থাকায় নির্বাচকরাও ভেবেছেন, ইংল্যান্ডের কন্ডিশনে ভালো করবেন সিলেটের এই তরুণ।

ফারুক আহমেদও সমর্থন করেছেন নির্বাচকদের ভাবনাকে। গতকাল তিনি বলেছেন, ‘আমার মনে হয় রাহীকে নেয়াটা খুব ভালো হয়েছে। আমি মনে করি একটু চমক থাকা ভালো। আমরা সবাই জানি যে সে ওয়ানডে খেলেনি। কমপক্ষে পাঁচ বছর ধরে ঘরোয়া পর্যায়ে ভালো পারফর্ম করেছে। কন্ডিশন তাকে সাহায্য করবে আমি মনে করি। তার যে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা আছে, এটা সাহায্য করবে তাকে। আর সবসময় দলে একটা চমক থাকা ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই কিন্তু এখন সবাইকে ভালো ভাবে বাছাই করে ফেলে, কে কি করে। রাহী মনে হয় আমাদের চমক হতে পারে। আমি আশা করব সে ভালো করবে।’

সিনিয়ররা ভালো করলে বিশ্বকাপে ভালো কিছু আশা করছেন ফারুক আহমেদ। তিনি বলেছেন, ‘আমার মনে হয় ২০১৫ বিশ্বকাপ খুব ভালো ছিল। সেটা আমরা প্রমাণ করেছি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে। আমাদের নিকট অতীতেও খুব ভালো অভিজ্ঞতা আছে, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছি ২০১৭ সালে। সেটাও যদি প্লেয়াররা মনে রাখে, একই কন্ডিশনে খেলা হয়েছে। সেটা বিবেচনা করলে আমার মনে হয় যদি সিনিয়ররা ভালো খেলে, তাহলে এবারো আমাদের ভালো কিছু করার সম্ভাবনা আছে।’

দলের শক্তি-দুর্বলতার চেয়ে ম্যানেজমেন্টের কথা ভালো লাগেনি ফারুক আহমেদের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর দল পরিবর্তন হতে পারে বলে ক্রিকেটারদের চিন্তায় ফেলা হয়েছে বলে মনে করেন এই সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমার মনে হয় শক্তি-দুর্বলতা না দেখে ম্যানেজমেন্ট টিমটা নিয়ে একটু অনিশ্চয়তায় আছে। এটা আমার ভালো লাগেনি। আমি দেখেছি যে ২৩ মে পর্যন্ত সময় আছে, এটা নিয়ে এখনো চিন্তা করছে। এটা আসলে পুরো দলকে আত্মবিশ্বাস দিবে না এমন করে চিন্তা করলে।’