ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ থেকে প্রথম বিভাগে নেমে গেল বিকেএসপি। আট বছর পর এবার প্রিমিয়ার লিগে খেলেছিল বিকেএসপি। রেলিগেশন লিগে গতকাল উত্তরা স্পোর্টিং ক্লাবের কাছে হেরেই অবনমন নিশ্চিত হলো তাদের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং এক উইকেটে হারিয়েছে বিকেএসপিকে।
রেলিগেশন লিগে দুই ম্যাচ জিতলেও উত্তরা স্পোর্টিংয়ের প্রিমিয়ার লিগে টিকে থাকার বিষয়টি নিশ্চিত হয়নি। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট আট। এক ম্যাচ কম খেলে ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৬ ও বিকেএসপির সংগ্রহ ৫ পয়েন্ট। আগামী ২১ এপ্রিল ফতুল্লায় রেলিগেশনের শেষ ম্যাচে বিকেএসপির বিরুদ্ধে খেলবে ব্রাদার্স। ওই ম্যাচে জিতলেও বিকেএসপির পয়েন্ট হবে ৭। তাই তাদের অবনমনটা নিশ্চিত হয়ে গেছে।
অন্যদিকে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইটা এখন উত্তরা স্পোর্টিং ও ব্রাদার্সের মধ্যে। রেলিগেশন লিগে প্রথম ম্যাচটি উত্তরা স্পোর্টিংয়ের কাছে হেরেছিল ব্রাদার্স। শেষ ম্যাচে বিকেএসপির বিরুদ্ধে জিতলে অবশ্য প্রিমিয়ার লিগে টিকে থাকবে গোপীবাগের দলটিই। সেক্ষেত্রে বিকেএসপির সঙ্গে উত্তরা স্পোর্টিংয়ের অবনমন হবে। শেষ ম্যাচে ব্রাদার্স জিতলে তাদের পয়েন্ট (৮) উত্তরা স্পোর্টিংয়ের সমান হবে। হেড টু হেড লড়াইয়েও দুদলের অবস্থান সমান। তবে বিকেএসপিকে হারালে রান রেটে এগিয়ে যাবে ব্রাদার্স। তাতেই অবনমনের লজ্জা থেকে বেঁচে যেতে পারে ব্রাদার্স। তাই ২১ এপ্রিল ম্যাচ জেতাটা আবশ্যক ব্রাদার্সের জন্য। আর বিকেএসপি জিতে গেলে উত্তরা স্পোর্টিং টিকে থাকবে প্রিমিয়ার লিগে, অবনমন হবে ব্রাদার্স ও বিকেএসপির।
গতকাল ফতুল্লায় আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ১৪৪ রানে অলআউট হয়েছিল বিকেএসপি। দলের পক্ষে আমিনুল ইসলাম ৫৯, অধিনায়ক আকবর আলী ২৬, সাদমান রহমান ২৫, ফাহাদ আহমেদ ১২ রান করেন। আর কেউ দুঅঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। উত্তরা স্পোর্টিংয়ের পেসার আব্দুর রশিদ ১৮ রানে পাঁচটি, মোহিমিনুল, মনন শর্মা, সাজ্জাদ হোসেন একটি করে উইকেট নেন।
জবাবে ৩৯.৫ ওভারে নয় উইকেটে ১৪৭ রান তুলে ম্যাচ জিতে নেয় উত্তরা স্পোর্টিং। মনন শর্মা ৫২, আব্দুল গাফফার অপরাজিত ২১, মিনহাজুল আবেদীন ১৭, আনিসুল ১৬ রান করেন। বিকেএসপির তানজিম হাসান চারটি, শামীম হোসেন, হাসান মুরাদ দুটি করে ও সুমন খান একটি উইকেট পান। উত্তরা স্পোর্টিংয়ের আব্দুর রশিদ ম্যাচ সেরার পুরস্কার পান।
সংক্ষিপ্ত স্কোর
বিকেএসপি: ৪৯.৪ ওভারে ১৪৪ (আমিনুল ৫৯, আকবর আলী ২৬, সাদমান ২৫, ফাহাদ আহমেদ ১২; আব্দুর রশিদ ৫/১৮, মোহিমিনুল ১/২৯, মনন শর্মা ১/২৯, সাজ্জাদ হোসেন ১/৩৩)
উত্তরা স্পোর্টিং: ৩৯.৫ ওভারে ১৪৭/৯ (মনন শর্মা ৫২, আব্দুল গাফফার ২১*, মিনহাজুল আবেদীন ১৭, আনিসুল ১৬; তানজিম হাসান ৪/৩৬, শামীম হোসেন ২/২৮, হাসান মুরাদ ২/৩৬, সুমন খান ১/৩৯)
ফলাফল: উত্তরা স্পোর্টিং ক্লাব এক উইকেটে জয়ী
