বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর ব্যাপক খেলাধুলার আয়োজন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে আর্জেন্টিনাকে ঢাকায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইউরোপের দুটি ফুটবল দলকে ঢাকায় এসে প্রীতিম্যাচ খেলানো যায় কি না তা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। শুধু ফুটবল নয় ক্রিকেট ম্যাচও হতে পারে ঢাকায়। বিশ্ব একাদশ নামে দুটি দল গড়ে ম্যাচ আয়োজন করা হতে পারে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগামী বছর মুজিব বর্ষে দেশের ক্রীড়াঙ্গন পুরো ব্যস্ত সময় কাটাবে।
জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি আগামী বছরটিকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে আগেই। দেশের ক্রীড়া ফেডারেশনগুলো মুজিব বর্ষে কি ধরনের আয়োজন করতে যাচ্ছে তা জানতে পরিকল্পনা চাওয়া হয়েছে। ক্রীড়া ফেডারেশনগুলো এরই মধ্যে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। তারাও নানাভাবে পরিকল্পনা তৈরি করছে বলে জানা গেছে।
