ছাতকে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৪১

ছাতকে কালবৈশাখী ঝড়ে লণ্ড-ভণ্ড সদরসহ উপজেলার বিভিন্ন এলাকা। ঝড়ে দু’শতাধিক কাঁচা ঘর-বাড়িসহ অসংখ্য গাছ-গাছালি, ব্যবসা প্রতিষ্ঠান, পোলট্রি খামার বিনষ্ট হয়েছে। বুধবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় বৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়কবলিত এসব এলাকা ভোর রাত থেকে অন্তত আটঘণ্টা বিদ্যুত্হীন অবস্থায় ছিলো। উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও, উত্তর খুরমা, নোয়ারাই, ভাতগাঁও, দক্ষিণ খুরমা ও ছাতক সদরে ভোর রাতে প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ছাতক পৌরসভার বিভিন্ন এলাকাসহ কালারুকা, চরমহল্লা, জাউয়া, সিংচাপইড়, দোলারবাজার, ছৈলা-আফজলাবাদ ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কালবৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বাসিন্দারা। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।  পৌরসভার নোয়ারাই এলাকায় মেসার্স মমিন লাইন ওয়ার্কস (চুনা কারখানা) সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।