চট্টগ্রামে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৪২

চট্টগ্রামে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপত্তায় করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোডের পাশাপাশি অগ্নি নিরাপত্তা কোড যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভবনসমূহে প্রতি ৩ মাস অন্তর অগ্নি নির্বাপণ মহড়া, আশেপাশে কৃত্রিম জলাধার তৈরি ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ করতে হবে। প্রতিটি ভবনে ফায়ার এক্সিট ও নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা, হাসপাতাল ও স্কুলে বারান্দাসহ খোলা জায়গা রাখা ও প্রতিটি ভবনে কমপক্ষে দুটি এক্সিট ওয়ে নিশ্চিত করলে অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতি কমে আসবে।

ডিআই পলিটিক্যাল ফেলো এলামনাই এসোসিয়েশন চট্টগ্রাম এর উদ্যোগে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার নগরীতে ‘অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপত্তায় করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক’ অনুষ্ঠিত হয়। কাজীরদেউরিস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত গোলটেবিলে সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের আঞ্চলিক ব্যাবস্থাপক মো. সদরুল আমিন।