নগরে গ্রামের মেলা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৪৪

গ্রামের আদলে নগরে বসেছে  বৈশাখী মেলা। নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিকের আয়োজনে দশদিনব্যাপী এ মেলা চলবে  ২৪ এপ্রিল পর্যন্ত। যেখানে খেলনা থেকে শুরু করে মিলছে হরেক রকম সামগ্রী। নিজেকে রঙিন সাজে সাজাতে কেউ কিনছেন গহনা, আবার কেউবা দুই হাত ভরে কিনছেন পছন্দসই চুড়ি। 

চিরায়ত বাংলার প্রতিনিধিত্বকারী সব লোকজ উপকরণ স্থান পেয়েছে এ মেলায়। রয়েছে রাজশাহীর পটচিত্র, টেপা পুতুল, মাগুরার শোলার নকশা করা পণ্য, রূপগঞ্জের জামদানি, ধামরাইয়ের কাঁসার তৈজসপত্র। এছাড়া, রয়েছে নারী উদ্যোক্তাদের পোশাক। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হারিয়ে যেতে বসা বায়েস্কোপ ও পুতুল নাচ দেখা এবং নাগরদোলায় ঘোরা। সব মিলিয়ে পরিবার নিয়ে আনন্দময় সময় কাটানোর পসরা সাজিয়ে বসেছে সবাই।