নুসরাতের হত্যাকারীদের শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে কর্মসূচি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৪৬

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

খুলনা অফিস:ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা মহানগর মহিলা দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের সভাপতি রেহানা ঈসা। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি এবং নুসরাত জাহান রাফির হত্যাকারীদের কঠোর বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তৃতা করেন শাহারুজ্জামান মোর্তুজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, শরিফুল ইসলাম বাবু, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, হাসনা হেনা, আনজিরা খাতুন, রোকেয়া ফারুক।

রাজশাহী: নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে তরুণরা মানববন্ধন করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তরুণ সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও জাগরণের আহ্বান যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচি শেষে রাজশাহীর জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি প্রদান করেন তরুণরা। সংগঠনের সভাপতি শামীউল আলীম শাওনের সভাপতিত্বে মানববন্ধনে সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মহিলা পরিষদের জেলা সভাপতি কল্পনা রায়, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ বক্তব্য দেন।

নড়াইল:নুসরাতসহ সকল ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেসরকারি সংগঠন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্কফোর্স (এনসিটিএফ), নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল শহরের শিবশংকর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নড়াইল-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আনজুমান আরার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আসলাম খান লুলু, শিবশংকর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, এনসিটিএফ-এর নড়াইল জেলা শাখার সভাপতি মো. রানা মোল্যা প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ): নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে মৌন মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরলিয়া মঞ্চে গিয়ে শেষ হয়। নুসরাত হত্যাকারিদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জল প্রধান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি সিদ্ধার্থ কুমা দে, সহকারী প্রক্টর আল জাবের, নীলা সাহা প্রমুখ।

মঠবাড়িয়া (পিরোজপুর): মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থী ও পাঠাগার আন্দোলনের ব্যানারে শহরের শহীদ মিনার সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ তার দোসরদের দ্রুত বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক প্রধান শিক্ষক নুরহোসেন মোল্লা, সরকারি হাতেম আলী মা. বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সাংবাদিক মজিবর রহমান, একেএম আজাদ, মেহিদী হাসান, কলেজ শিক্ষার্থী জিদান জনি, আবিদ হাসান শলেমান প্রমুখ।