'শেখ হাসিনাই পারেন ভারত থেকে ন্যায্য হিস্যা আদায় করতে'

আপডেট : ২৬ মে ২০১৮, ১৬:৩৬
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় করতে। 
 
শনিবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত 'মহাকাশের নিজ কক্ষে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভারতের কাছ থেকে সীমান্তে, সমুদ্রে, ছিটমহলে, গঙ্গা নদীতে পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে আজকে মহাকাশে বাংলাদেশের পতাকা উড্ডয়ন হয়েছে। অর্থাৎ জলে, স্থলে, অন্তরিক্ষে শেখ হাসিনা তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের বিজয়কেতন উড়িয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সীমান্ত সমস্যার সমাধান হয়েছে, যেভাবে সমুদ্রসীমা সমস্যার সমাধান হয়েছে, গঙ্গার পানির হিস্যা যেভাবে আদায় হয়েছে ঠিক একইভাবে তিস্তার পানি সমস্যার সমাধানও যথা সময়ে হবে। অন্যদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দিল্লিতে গিয়ে গঙ্গার পানির কথা বলতে ভুলেই গিয়েছিলেন। যাদের নেত্রী দিল্লিতে গিয়ে গঙ্গার পানির কথা বলতে ভুলে যান তাদের নেতারাই আবার তিস্তার পানি নিয়ে কথা বলেন। আপনাদের সেই কথা বলার অধিকার নেই।
 
তিনি বলেন, শেখ হাসিনা ভারতের একটি রাজ্যের রাজধানীতে গেছেন। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে রাজধানী থেকে কলকাতায় উড়ে এসেছেন শেখ হাসিনার সাথে বৈঠক করার জন্যে। এখানেই বোঝা যায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কতো গভীর এবং শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক কতো গভীর।
 
তিনি আরও বলেন, যেই দলের পরিবারের সদস্য মাদকাসক্তির কারণে বিদেশে অকালে মৃত্যুবরণ করে আর যাদের নেতারা টেলিভিশনে কথা বলার সময় স্বাভাবিক ভাবে কথা বলতে পারে না তারা মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে অভিযোগ তুলবে এটিই স্বাভাবিক। মাদকের বিরুদ্ধে এই অভিযানে বাংলাদেশের মানুষ খুশি। যে যত কথাই বলুক মাদকের বিরুদ্ধে এই অভিযান চলবে এবং এই অভিযানে কে সাদা, কে কালো, কে কোন দলের, কে কোন মতের, কে কোন পথের সেটি দেখা হচ্ছে না, হবে না। দলমত নির্বিশেষে যারাই মাদকের সাথে যুক্ত সরকার ব্যবস্থা গ্রহণ করছে এবং করবে। 
 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, তাঁতী লীগের কার্যকরি সভাপতি সাধনা দাশ গুপ্তা, সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েলসহ প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই