কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে তিন চিকিত্সক দিয়ে চলছে স্বাস্থ্যসেবা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৪৭

চিকিত্সক সংকটে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। চিকিত্সক সংকটের পাশাপাশি এই স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিনের ফিল্ম সংকট ও অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে আছে। ৩১ শয্যাবিশিষ্ট এই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি পদে চিকিত্সক থাকার কথা থাকলেও কাগজে-কলমে আছে মাত্র পাঁচজন। পাঁচজনের মধ্যে একজন আছেন মাতৃত্বকালীন ছুটিতে, আরেকজন ডেপুটেশনে চলে গেছে নীলফামারি মেডিক্যাল কলেজে, আর বাকি তিনজন চিকিত্সক দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা সেবা কার্যক্রম।

স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন উপজেলা বিভিন্ন এলাকা থেকে চিকিত্সার জন্য আসা রোগীরা লাইনে দাঁড়িয়ে দুইজন চিকিত্সকের কাছ থেকে চিকিত্সা সেবা গ্রহণ করছেন। কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পনেরটি বিভিন্ন পদে ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র তিনজন। আমিসহ তিনজনেই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলার জনসাধারণ ও রোগীদের চিকিত্সা সেবা দিয়ে আসছি। ডাক্তারের পদ শূন্য থাকার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে ও মৌখিকভাবে অনেকবার জানানো হয়েছে। চিকিত্সক দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো চিকিত্সক নিয়োগ দেওয়া হয়নি।