টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
মধুপুর থানা পুলিশ জানায়, উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী গতকাল দুপুরে পাশের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টায় বাড়ির পাশে বাঁশঝাড়ে কলারপাতা দিয়ে ঢাকা ওই ছাত্রীর লাশ পাওয়া যায়। খবর পেয়ে মধুপুর সার্কেলের এএসপি কামরান হোসেন এবং মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
পুলিশ জানায়, ওই ছাত্রীর কাপড়-চোপড় ছিল ছেঁড়া। শরীরে, মাথায় ও গলায় জখমের চিহ্ন ছিল। তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
গাছাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান জানান, ওই ছাত্রী ছিল স্কুলের মেধাবী ছাত্রী। অমানুষিক নির্যাতনের পর হত্যার ঘটনার খবরে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা মুচড়ে পড়ে। তিনি দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।
ওসি শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে।
ইত্তেফাক/এসএস
