ময়মনসিংহে দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৫০

জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরাজের মা হত্যার ঘটনায় দুইজনের মৃত্যুদণ্ড, দুইজনের তিন বছর কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো ঈশ্বরগঞ্জের মাইজবাগের মো. আবুল কাসেম ও মো. হেলিম।

বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. এহসানুল হক এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে প্রকাশ, প্রতিবেশীদের সঙ্গে চলা দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধে ২০০৩ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মাইজবাগের বড়জোড়ে গ্রামে মরাজের মাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ব্যাপারে ৩৩ জনের বিরুদ্ধে মৃতের ছেলে আবদুস সালাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

আসামিপক্ষে আইনজীবী বিশ্বনাথ পাল, রাষ্ট্র ও বাদীপক্ষে আইনজীবী আবুল হাসেম মামলাটি পরিচালনা করেন।