কিশোর সাগর মিয়াকে (১২) হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। নিহতের মা আছমা আক্তার বাদী হয়ে বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি। এরা হলো বাবু, সহিদ মিয়া ও শাফি। গ্রেফতার সন্দেহভাজন বাকি দুই আসামি হলো- আলী আব্দুল্লাহ সজল ও রাকিব মিয়া। তাদেরকে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৈশাখী মেলায় কথা কাটাকাটির জেরে গত মঙ্গলবার রাত আটটার দিকে জেলা শহরের হারুয়া সওদাগর পাড়া এলাকার বকুল মিয়ার ছেলে সাগর মিয়াকে পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে।
