বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় একটি ক্লিনিকের ভবন খোড়ার সময় ৭৬৫ রাউন্ড গুলি উদ্ধারের পর বুধবার সেখান থেকে আরো ৭৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এ নিয়ে দুই দিন ৮৪১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার তালোড়া বাজারের চারমাথায় করিম ডায়াগনোস্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালের বর্ধিতাংশে নির্মাণ কাজ চলছিল। ক্লিনিকের পাশের পুকুরে পানি শুকিয়ে ভবনের নয়টি কলামের খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন শ্রমিকরা। পুকুরের তলা থেকে তিন-চার ফুট খোঁড়ার সময় একটি কলামের নিচে গুলিগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, দুই দিনে ৮৪১ রাউন্ড ছোটো-বড়ো গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে যুদ্ধের সময়ের গুলি হতে পারে।
