বগুড়ার ধুনট-জোড়শিমুল সড়কে ট্রাকের ধাক্কায় ভটভটি যাত্রী নব উদ্দিন প্রামাণিক (৪৫) নামে ইটভাটার এক শ্রমিক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১০জন শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশি-চাপড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২জন শ্রমিক চালাপাড়া গ্রামের একটি ইটভাটায় কাজের উদ্যোগে ভটভটিযোগে রওনা হয়। পথিমধ্যে চাপড়া-চিকাশি গ্রামের মোড়ে পৌঁছে। এসময় ধুনট থেকে জোড়শিমুল বাজারের দিকে আসা মুক্তা-মনি পরিবহন নামে একটি ট্রাকের সাথে যাত্রীবাহী ভটভটির ধাক্কা লাগে। এতে ভটভটি দুমড়ে-মুচড়ে গিয়ে ১১জন শ্রমিক আহত হন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে নব উদ্দিন প্রামাণিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
এছাড়া নিমগাছি গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), আব্দুল করিম মণ্ডল (৩৭), আব্দুল খালেক (৪০), সোনাউল্লাহ (৪২), সাইদুর রহমান (৪৩), নবাব আলী (৫৫), খোকন মিয়া (২৫), উত্তর কান্তনগর গ্রামের খলিলুর রহমানসহ (৪০) কমপক্ষের ১০ আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস
