সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৫৩

মাগুরায় দুদিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উত্সব

মাগুরা প্রতিনিধি মাগুরায় দুদিনব্যাপী শিশু আনন্দ মেলা, নাট্য ও সাংস্কৃতিক উত্সব ২০১৯ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করেন। মেলায় ১৫টি স্টল ছিল। শিশুদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শিত হয়। কালেকটরেট প্রাঙ্গণে মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি, মাগুরা এ উত্সবের আয়োজন করে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলে।

বিরামপুরে দরিদ্র জনগণের অধিকার নিয়ে উন্নয়ন সভা

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করণের লক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের সঙ্গে জনগণের আন্তঃসম্পর্ক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো এনজিও’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, ইউনিয়ন সমাজ সেবা কর্মী নুরুন্নাহার বেগম, ইউপি সদস্য আরজু হান্না, সাইদুর রহমান, আবু সাইদ, সচিব জাকিরুল ইসলাম, পল্লীশ্রী ইভিপিআর প্রকল্পের সিনিয়র সিডিএস সাইফুল ইসলাম, সিডিএস সোহেল রানা, রেজাউল ইসলাম, রত্না রানা এবং সিভিএ, সিএসও সদস্য, এফজিডি, এপেক্স বডির সদস্যবৃন্দ।

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে শতাধিক শিক্ষার্থীর মাঝে পুষ্টি বিষয়ক জনসচেতনতা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) এসএসও ডা. মো. ছাদেকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার সাবাব ফারহান ও প্রধানশিক্ষক আবেদ আলী খন্দকার প্রমুখ।

রাজৈরে একই দিনে চারটি বাল্যবিবাহ পণ্ড

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা উপজেলা নির্বাহী কর্মকর্তার তড়িত্ হস্তক্ষেপে রাজৈরে একই দিনে ৪টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই কনের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য দুই কনের বাবা মুচলেকা দিয়ে রেহাই পেয়েছে। বুধবার মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহান নাসরিন এ অভিযান চালান।

ছাতকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা ছাতকে কৃষি বিভাগের উদ্যোগে এক হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খাঁনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া চৌধুরী, খালেদ আহমদ, মাফিজ আলী, সহকারী কৃষি কর্মকর্তা পদ্ম মোহন সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী প্রমুখ।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার তিনটি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ ২৭ হাজার ৬৫০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার ভোমরা, কাকডাঙ্গা ও তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় স্যান্ডেল, গ্লোকোজ, কমপ্লেন দুধ, নিহার হেয়ার ওয়েল, কাপড় ও গরুর মাংস। তবে, বিজিবি এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঘায় ইউনিয়ন স্থায়ী কমিটির প্রশিক্ষণ কর্মশালা

বাঘা (রাজশাহী) সংবাদদাতা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে রাজশাহীর বাঘায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে এ কর্মশালার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার রাজশাহী এর উপ-পরিচালক পারভেজ রায়হান। তিনি ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের যত প্রকার সেবাদান কর্মসূচি রয়েছে তার সবইগুলোয় (প্রায়) পরিচালিত হয়ে থাকে ইউনিয়ন পরিষদ থেকে।

গৌরীপুরে শিক্ষা বৃত্তি-উপকরণ

সোলার ও সেলাই মেশিন বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি-উপকরণ, সৌর বিদ্যুত্ প্যানেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম। এসময় তিনি মাসব্যাপী সেলাই প্রশিক্ষণেরও উদ্বোধন করেন। ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে ও গৌরীপুর ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র ক্ষত্রিয়ের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিধলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ ।

পীরগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিদায়-বরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিদায় এবং নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, বিদায়ী উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, দায়িত্ব গ্রহণকারী উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুকুমার রায় ও ভারতী রানী রায়, বিদায়ী ভাইস চেয়ারম্যান পারুল বেগম, ইউপি চেয়ারম্যান একরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সারওয়ার, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী প্রমুখ।

মধুখালীতে জেলেদের মাঝে

শুকনা খাবার বিতরণ

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালী উপজেলার নওপাড়া, বাগাট, কামারখালী, আড়পাড়া, ডুমাইন ইউনিয়নের নিবন্ধিত ৩০ জেলে পরিবারের মাঝে জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকার কারণে বুধবার বিকাল শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা মত্স্য অফিস প্রাঙ্গণে চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, মুড়ি, বিস্কুটসহ বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার। এ সময় সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মোছা. শিরিন শারমিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, বাগাট ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।