সারাদেশের ন্যায় নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। উপজেলার সতিহাটে এ অভিযান চালানো হয়। অভিযানে সতিহাট এলাকা থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা, পাঁচ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ দেশি ও চোলাই মদ জব্দ করা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় এ অভিযান চালানো হয়।
মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, জেলা সহকারী পুলিশ সুপার লিমন হোসেন, মান্দা সার্কেল এসপি হাফিজুর রহমান, মান্দা থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান, তদন্ত কর্মকর্তা মাহাবুব আলম ও পুলিশের অন্যান্য সদস্যরা।
নওগাঁ জেলা সহকারী পুলিশ সুপার লিমন হোসেন জানান, সারা দেশের মাদক নির্মূলের অংশ হিসেবে নওগাঁকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে মান্দায় এ অভিযান চালানো হয়। মাদককে জঙ্গিবাদের মতো বড় সমস্যা হিসেবে উল্লেখ করে মান্দা থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, 'জঙ্গি নির্মূল করতে যেভাবে অভিযান চালানো হয়েছে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধেও সেরকম অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এর মাধ্যমে জঙ্গিবাদের মতো মাদককেও নির্মূল করা হবে।'
ইত্তেফাক/এসএস
