এসএসসি পরীক্ষার ফিন্যান্স এন্ড ব্যাংকিং

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৯:৫৪

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও

আহমেদ গ্রুপ অধিক পণ্য চাহিদা মিটানোর জন্য একটি নতুন মেশিন স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করল। এ মেশিনটি আদৌ লাভজনক হবে কিনা তা যাচাইয়ের জন্য ফার্ম একটি মূল্যায়ন প্রক্রিয়ার সাহায্য নিল। দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা, আয়-ব্যয়, নগদ প্রবাহ প্রভৃতি বিবেচনা করে ফার্মটি নতুন মেশিন স্থাপন করল।

ক. গড় মুনাফার হার কম হওয়ার পরিমাণ কী?

খ. মূলধন বাজেটিং-কে সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত বলা হয় কেন?

গ. আহমেদ গ্রুপ কেন মূল্যায়ন প্রক্রিয়ার সাহায্য নিয়েছে? বর্ণনা কর।

ঘ. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূল্যায়ন প্রক্রিয়ার সহায়তা গ্রহণ কতটা যৌক্তিক? ব্যাখ্যা কর।

উত্তর:

ক. নির্দিষ্ট কোনো বিনিয়োগ বা প্রকল্পের জন্য নির্ণিয় গড় মুনাফার হার কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন হার থেকে কম হলে বিনিয়োগ সুযোগ বা প্রকল্পটি বাতিল বা বর্জন করা হয়।

খ. মূলধন বাজেটিং-এর অধিকাংশ অনুমানই ভবিষ্যতের ওপর নির্ভরশীল নাও হতে পারে। এজন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই করা প্রয়োজন হয়। কারণ মূলধন বাজেটিং-এর সিদ্ধান্ত সর্বদাই ঝুঁকিযুক্ত হয়ে থাকে।

গ. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ একটি ঝুঁকিমূলক কাজ। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে লাভবান হতে বিভিন্ন মূল্যায়ন প্রক্রিয়ার সাহায্য নিতে হয়। উদ্দীপকের আহমেদ গ্রুপ মূলধন বাজেটিং প্রক্রিয়ার সাহায্য নিয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্যে কতটুকু লাভজনক হবে বা আদৌ লাভজনক হবে কিনা সেজন্য মূলধন বাজেটিং প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ প্রয়োজন হয়। আহমদে গ্রুপ নতুন মেশিন স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে তা একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত। নতুন মেশিন স্থাপনে দীর্ঘমেয়াদি সুযোগ সুবিধা, আয়-ব্যয়, নগদ প্রবাহ প্রভৃতি বিবেচনা করা হয় যা মূলধন বাজেটিং প্রক্রিয়ার অন্তর্গত। পরবর্তীতে বিনিয়োগের নগদ বহি:প্রবাহ থেকে আন্ত:প্রবাহ বেশি হলে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য আহমেদ গ্রুপ নতুন মেশিন স্থাপনের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণে মূলধন বাজেটিং প্রক্রিয়া অনুসরণ করেছে।

ঘ) মূলধন বাজেটিং অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। প্রতিষ্ঠানের জন্যে মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হওয়া আবশ্যক। আহমেদ গ্রুপের নতুন মেশিন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত। এ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানটি মূলধন বাজেটিং প্রক্রিয়ার সহায়তা গ্রহণ করেছে। মূলধন বাজেটিং প্রতিষ্ঠানের মুনাফা-সংক্রান্ত, বিনিয়োগের আকার সংক্রান্ত এবং ঝুঁকি সংক্রান্ত এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আহমেদ গ্রুপের নতুন মেশিন স্থাপন একটি ব্যয়বহুল প্রকল্প। এ ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি প্রকল্প লাভজনক যাচাই করেছে। প্রকল্পটির সার্বিক দিক বিবেচনা করে লাভজনক হওয়াতে তারা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে মূলধন বাজেটিং না করলে প্রতিষ্ঠানটিকে অনিশ্চিত ঝুঁকির সম্মূখীন হতে হতো। তাই আহমেদ গ্রুপের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূলধন বাজেটিংয়ের সহায়তা নেওয়া অত্যন্ত যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।