বন্ড সুবিধায় আনা তিনটি কাভার্ড ভ্যানভর্তি ডুপ্লেক্স বোর্ড চোরাই পথে বিক্রয়ের লক্ষ্যে খালাস করার সময় আটক করেন কাস্টমস বন্ড কমিশনারের কর্মকর্তারা। এসময় কর্মকর্তাদের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় তিনজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। এ অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এছাড়া রাজধানীর কোতোয়ালী থানায় গতকাল একটি মামলাও হয়েছে।
ঢাকার বন্ড কমিশনারেট অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ কমিশনার রেজভী আহম্মেদ এবং সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে দুটি দল বুধবার রাতে পুরান ঢাকায় অভিযান চালায়।
অভিযানকারী দল ভোর চারটায় রাজধানীর নয়াবাজার মোড় এলাকায় অভিযান চালায়। এসময় নয়াবাজার মোড় থেকে ডুপ্লেক্স বোর্ডভর্তি ৩ টি কাভার্ড ভ্যান আটক করা হয়। এসব পণ্য নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত ‘ভি টেক প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ’ নামক বন্ডেড প্রতিষ্ঠান কর্তৃক চোরাইপথে খোলাবাজারে বিক্রয়ের লক্ষ্যে পুরাতন ঢাকায় নিয়ে খালাস করা হচ্ছিল। আটক পণ্যের মূল্য প্রায় দেড় কোটি টাকা। এর বিপরীতে আদায়যোগ্য শুল্ক করের পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা।
আটক শেষে ফিরে আসার সময় দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ চক্র প্ররোচনায় ইটপাটকেল ও লাঠি-সোটা নিয়ে কাস্টমস ও পুলিশ কর্মকর্তাদের উপর অতর্কিত আক্রমণ চালায়। এতে ৩ জন কাস্টমস কর্মকর্তা আহত হন। কাস্টমসের একটি গাড়িও ভাঙচুর করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
