কলম্বিয়ার সাবেক বিদ্রোহী সংগঠন ফার্ক দাবি করেছে, চলতি বছর তাদের ২৪ সদস্যকে হত্যা করা হয়েছে। অব্যাহত সংঘাতের কারণে সরকারের সাথে করা ভঙ্গুর শান্তি চুক্তি হুমকির মুখে থাকার প্রেক্ষাপটে ফার্কের এ দাবি চুক্তির জন্য একধরণের সতর্কতা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, ২০১৬ সালে সরকারের সাথে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে ফার্ক। দলটি বলছে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে তাদের তিন সদস্যকে হত্যা করা হয়। তাদের দাবি, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে দলটির মোট ২৪ জন সাবেক যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট জোয়ান ম্যানুয়াল সান্তোষের কাছে পাঠানো এক প্রতিবেদনে দলটি দাবি করেছে, শান্তিচুক্তির পর ২০১৬ সাল থেকে এ পর্যন্ত তাদের মোট ৪০ জন সাবেক যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
দলটি সরকারের বিরুদ্ধে শান্তিচুক্তি বাস্তবায়নে অনিহার অভিযোগ এনেছে।বলেছে, ডানপন্থী সংগঠন ও সরকারি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সাবেক ফার্স আন্দোলনের যোদ্ধারা প্রাণ হচ্ছে। সরকার তাদের দলের সহযোদ্ধাদের, তাদের পরিবার ও দলীয় কর্মীদের রক্ষায় কোন কাজ করছে না।
ফার্ক হুঁশিয়ার করে বলেছে, ‘যখন তারা অস্ত্র সমর্পণ করে প্রকাশ্য রাজনীতিতে প্রবেশ করেছে তখন ক্রমাগত হামলার মাধ্যমে এ ধরণের হত্যাকাণ্ডের ঘটনা মেনে নেওয়া হবে না।বাসস।
ইত্তেফাক/ জেআর
