পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ২৯

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:০১

পর্তুগালের মাদেইরা দ্বীপে পর্যটকবাহী একটি বাস ঢালু রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৬টার দিকে ঘটা এ দুর্ঘটনায় আরো ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

পর্তুগিজ বার্তা সংস্থা লুজা জানিয়েছে, কানিকো শহরের নিকটবর্তী একটি সড়কে মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে পর্যটকবাহী বাসটি খাদে পড়ে যায়। বাসটি ঢালু পথে গড়াতে গড়াতে একটি বাড়ির ছাদে এসে আটকে যায়।

“যা ঘটেছে তা বর্ণনা করার মতো ভাষা নেই আমার। মানুষগুলো যে কষ্টভোগ করছে, তার মুখোমুখি হতে পারছি না আমি,” এসআইসি টিভিকে এমনটাই বলেছেন স্থানীয় মেয়র ফিলিপি সউজা। বাসটির আরোহী পর্যটকরা সবাই জার্মান হলেও হতাহতদের মধ্যে স্থানীয়রাও থাকতে পারেন বলে ধারণা মেয়রের।