গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানার প্রতিবাদে দোকানপাট বন্ধ

আপডেট : ৩০ মে ২০১৮, ১৯:১৪
গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানার প্রতিবাদে ব্যাবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। আজ বুধবার দুপুরে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নকল, মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি ও প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় গোপালগঞ্জের বড় বাজারে মুদি, মিষ্টি ও কাঁচামাল ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
 
জরিমানার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বঙ্গবন্ধু সড়কে রাস্তা অবরোধ করে। সেখান থেকে পুলিশ অবরোধ তুলে দিলে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে গোপালগঞ্জ পৌরসভায় এসে জড়ো হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মুদি ব্যবসায়ী বাবুল মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাছ বিক্রেতা বিমল বাড়ৈকে ১০ হাজার, মাছ বিক্রেতা ধলু বাড়ৈকে ৫ হাজারসহ আটজন ব্যবসায়ীকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ খবর ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হয়।
 
ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু কাজী বলেন, জরিমানার পরিমান অনেক বেড়ে গেছে। এ কারণেই ব্যাবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুর সঙ্গে ব্যবসায়ী নেতারা বৈঠক করেছেন। সন্ধ্যার মধ্যে এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।