কক্সবাজারের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দেশীয় তৈরী ৯০ লিটার চোলাই মদসহ তিন নারী পাচারকারীকে আটক করেছে স্থানীয় জনতা। ৩০ মে (বুধবার) দুপুর ২টার দিকে স্থানীয় বাইশারী বাজার স্টেশনে হিললাইন নামক মিনিবাস থেকে ৯০ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কক্সবাজার জেলার ঈদগাঁও মাইজপাড়া এলাকার বাসিন্দা শাহ্ আলমের স্ত্রী মিনুআরা (৪৪), একই গ্রামের ওবাইদুল্লাহর স্ত্রী ফেরদাউস (৩৪) ও মৃত জাফর আলমের স্ত্রী রুকসানা আক্তার (৩৩)।
জানা যায়, আটক তিন নারী পাচারকারী দীর্ঘদিন ধরে বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়ক দিয়ে উপজাতীয় পল্লী থেকে ক্রয় করে দেশীয় তৈরী চোলাই মদ পাচার করে আসছিল। বুধবার দুপুরেও প্রতিদিনের ন্যায় মিনিবাসে চড়ে ঈদগাঁও যাচ্ছিল। পথে স্থানীয় জনতার সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ ও পলিথিন মোড়ানো ব্যাগে তল্লাশী চালিয়ে ৯০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে এবং তিন নারীকে আটক করে।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) একেএম হাবিবুল ইসলাম সাংবাদিকদের জানান, তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন নারী মদ পাচারকারী বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ হেফাজতে রয়েছে।
ইত্তেফাক/নূহু
