সাংবাদিক সম্মেলন চলাকালীন ভারতে বিজেপি নেতাকে লক্ষ্য করে জুতো ছুড়ল এক ব্যক্তি। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরেই এমন ঘটনা ঘটল। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকা
এ দিন দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র তথা সাংসদ গুন্টুপল্লি বেঙ্কটলক্ষ্মী নরসিংহ রাও। ভোপাল থেকে সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। গেরুয়া সন্ত্রাসের নামে কংগ্রেস আদতে হিন্দুদের অবমাননা করছে বলে সেখানে অভিযোগ করেন তিনি। সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি বলেও দাবি করেন গুন্টুপল্লি। আর ঠিক সেই মুহূর্তেই তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়েন দর্শকাসনের প্রথম সারিতে বসা এক ব্যক্তি। জুতো যদিও গায়ে লাগেনি, তবে এই ঘটনার জন্য কংগ্রেসকে দায়ী করেন গুন্টুপল্লি। কংগ্রেস অনুপ্রাণিত বলেই অভিযুক্ত এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।
ঘটনার সময় বিজেপির সদর দপ্তরে অনেকেই উপস্থিত ছিলেন। তড়িঘড়ি অভিযুক্তকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান তাঁরা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি ভিজিটিং কার্ড মেলে। তাঁর নাম শক্তি ভার্গব। আদতে কানপুরের বাসিন্দা তিনি। পেশায় শল্য চিকিত্সক। ফেসবুকে মোদি সরকারের সমালোচনায় একাধিক পোস্ট রয়েছে তাঁর। আইপি এস্টেট থানায় তাঁকে জেরা করছে পুলিশ।
