জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহী গ্রুপের সদস্যদের গুরুত্বপূর্ণ নগরী হোদেইদা থেকে ‘যত দ্রুত সম্ভব’ সরে যেতে আহ্বান জানিয়েছে। চার মাস আগে করা অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার তাদেরকে সরে আসার এ আহ্বান জানানো হলো।
নিরাপত্তা পরিষদের সর্বসম্মত এক বিবৃতিতে হুঁশিয়ার করে দেওয়া হয়, তারা পর্যবেক্ষণ করবে- দলগুলো সরে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে কি-না। এছাড়া সকল পক্ষ প্রতিশ্রুতি পালন করছে কি-না, সেই ব্যাপারে নিরাপত্তা পরিষদ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।
সুইডেনে করা অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী গত ডিসেম্বরে সকল বাহিনী তাদের সদস্যদের সরিয়ে নিতে সম্মত হয়। চারমাস আগের এ চুক্তি এখন পর্যন্ত বাস্তবায়ন না করায় নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে এ শান্তি প্রচেষ্টায় যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কোনো হুমকি দেওয়া হয়নি।
