এসআই গৌতম রায়ের নবম মৃত্যুবার্ষিকী আজ

হত্যাকাণ্ডের বিচার দাবি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:১৪

বংশাল থানার অপারেশন অফিসার এসআই গৌতম রায়ের হত্যাকাণ্ডের নয় বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের ১৯ এপ্রিল অফিসের কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে সূত্রাপুর থানার লাল মোহন সাহা স্ট্রিট এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। বিচারের আশায় থাকতে থাকতে এসআই গৌতম রায়ের বাবা ইন্দু ভূষণ রায় ও মা বকুল রানী ইহলোক ত্যাগ করেছেন।

নিহতের ছোট ভাই সাংবাদিক তিলক রায় বলেন, যে পিস্তল দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে সেই পিস্তলটি পুলিশ উদ্ধার করতে পারেনি। যতটুকু শুনেছি এ মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। তবে তাদের সবাই জামিনে আছে। পরে পুলিশ কয়েকজনের নামে অভিযোগ পত্র দিয়েছে এ পর্যন্তই জানি।

গৌতম রায়ের হত্যাকাণ্ডটি সুপরিকল্পিত দাবি করে তার পরিবার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে আসছে।

এদিকে এসআই গৌতম রায়ের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাসায় গীতাপাঠ, আচার অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের  আয়োজন করা হয়েছে।