বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় আটজন নিহত হওয়া হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ব্রাহ্মণবাড়িয়া: বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। তার নাম হারুন মিয়া(৪২)। আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাশ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
বাজিতপুর (কিশোরগঞ্জ): বৃহস্পতিবার সকালে বাজিতপুরের বেলভিটা গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন মিষ্টু মিয়া(৪০) ও সুমন মিয়া(৩৫)। বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান, এ ঘটনায় নিহত এক ব্যক্তির আত্মীয় বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বগুড়া: বৃহস্পতিবার বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌর এলাকার উত্তরপাড়া মহল্লায় বিদ্যুস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম শিখা আকতার(২২)। তিনি ওই এলাকার শহীদুল ইসলামের স্ত্রী।
নড়াইল নড়াইল পৌরসভার বেনাডোব এলাকায় শম্পা বেগম নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত শম্পা ওই গ্রামের মুসাম শেখের স্ত্রী।
শম্পার ভাই মনির মোল্লা বলেন, বুধবার রাত ১টার দিকে ফোন করে আমাদের জানানো হয়েছে যে শম্পা মারা গেছে। আমরা গিয়ে শম্পার গলার দাগ দেখে সন্দেহ হয় যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রী শাহিদা খাতুনের (১৮) লাশ উদ্ধার কেরেছে পুলিশ। এ ঘটনায় স্বামী কাসেম মোল্যাকে আটকের পর আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিত্সা দেওয়া হচ্ছে। নিহত শাহিদা আশাশুনি উপজেলার কোদন্ডা আদর্শ গ্রামের মাজেদ গাজীর মেয়ে ও একই গ্রামের কাসেম মোল্যার স্ত্রী।
রাজশাহী মহানগরীর টি-বাঁধ এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, হয়তো ওই যুবককে হত্যার পর পা বেঁধে তিন-চার দিন আগে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
হাটহাজারী (চট্টগ্রাম) হাটহাজারীতে সুমি আকতার (৩২) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার উত্তর মোহাম্মদপুর ৯ নং ওয়ার্ডের আরসার আলী সুফির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমি আকতার পৌরসভার চন্দ্রপুর ৭ নং ওয়ার্ডস্থ হক সাহেব পাড়ার মৃত অলী ও মনোয়ারা বেগমের কন্যা। নিহতের ভাই জানান, আমার বোনকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমি আমার বোনের হত্যাকারীদের ফাঁসি চাই।
মডেল থানার এস আই জসিম জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে শশুড় বাড়ীর ঘরের ফ্লোর থেকে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে ধারনা করা হচ্ছে।
