ঢাকায় মেডিয়েশন সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ৩১ মে ২০১৮, ২০:৪৭
দেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, এ ধরনের সম্মেলনের ফলে গ্রামীণ সাধারণ জনগণ মেডিয়েশন সম্পর্কে সম্যক ধারণা পাবে। এছাড়া সম্প্রীতির মাধ্যমে সব পর্যায়ে নিজেদের বিরোধ নিষ্পত্তিতে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। 
 
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। বাংলাদেশ মেডিয়েশন সোসাইটি (বিমস) এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সামিট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এয়ার কমোডর (অব) এম ওবায়দুর রহমান। ইন্টারন্যাশনাল মেডিয়েটর কেএস শর্মার পরিচালনায় বক্তব্য রাখেন, মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, ইন্টারন্যাশনাল আরবিট্রেটর্স ইনবাভিজান, কম্বোডিয়া সরকারের প্রতিনিধি হুও ভিয়েসনা ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির রিজওনাল ডিরেক্টর ইরাম মজিদ। 
 
সমরেন্দ্র নাথ গোস্বামী বলেন, গত ৩১ মে সংগঠনটি আত্মপ্রকাশ করে। আর এক বছরের মাথায় এটি একটি আন্তর্জাতিক কনফারেন্স করছে। ইতোমধ্যে কয়েকটি কর্মশালাও করেছে। এছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো ১ জুন থেকে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে ‘পিপলস মেডিয়েশন সেন্টার’ প্রতিষ্ঠা করতে চলেছি। মেডিয়েশনের মধ্যেই বর্তমান বিচার পদ্ধতির ভবিষ্যত নির্ভর করছে।