শ্রীনগরে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, গেফতার ১

আপডেট : ০১ জুন ২০১৮, ১৮:৫৭
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। উপজেলার মধ্য কামারগাঁও গ্রামের নির্যাতনের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
 
এ ঘটনায় ৯ জনকে আসামি করে ওই গৃহবধূ শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। পরে শ্রীনগর থানা পুলিশ মামলার এক নম্বর আসামি আব্দুল খালেককে (৫৫) গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে।  
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, টাকা পয়সা লেনদেন ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জের ধরে গত ২৭ মে বিকালে কামারগাঁও গ্রামের আজিজুল খানের স্ত্রী সালেহা বেগমকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। ওই সময় মোবাইল ফোনে সালেহার ছবি তুলে তা ফেসবুকে ছেড়ে দেয় নির্যাতনকারীরা।
 
এর দুইদিন পর সালেহা কামারগাঁও গ্রামের আব্দুল খালেক (৫৫), জোসনা (৩৫), সাবানা (৪০), কাজল খান (৪৫), লিপি বেগম (৪৫), সোহেল (২৫), রুবেলসহ (৩০) মোট ৯ জনকে আসামি করে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মো. মোদাচ্ছের বৃহস্পতিবার রাতে প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেফতার করে।
 
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর এই ঘটনার অনেক তথ্য উদঘাটন হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/ইউবি