মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, যুবদল নেতা গ্রেফতার

আপডেট : ০১ জুন ২০১৮, ২২:০৪
মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর বিকৃত ছবি ও কুরুচিপূর্ণ কথা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় যুবদল সদস্য সোহেল মোল্লা (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
শুক্রবার মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার সুয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সোহেল মোল্লা গ্রামটির মাসুদ মোল্লার ছেলে। এর আগে তার বিরুদ্ধে শুক্রবার বিকালে টঙ্গীবাড়ি থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেত্রী এমিলি পারভীন। 
 
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, সোহেল মোল্লা ও সিদ্দিকুর রহমান এবং সুলতান এ মির্জা নামের এই তিনটি আইডি থেকে বিকৃত ছবি ও কুরুচিপূর্ণ কথা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এটি দেখার পর টঙ্গীবাড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান তিনজনকে আসামী করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। এই মামলায় সোহেল মোল্লাকে গ্রেফতার করা হয়। সোহেল মোল্লা মুন্সীগঞ্জ সদর থানা জাতীয়তাবাদী যুবদলের কার্যকরী সদস্য।
 
ইত্তেফাক/কেআই