পাকিস্তানের বেলুচিস্তানের একটি মহাসড়কে বাস থেকে নামিয়ে কমপক্ষে ১৪ যাত্রীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টা থেকে ১টা মধ্যে এ ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ছিল সেনাবাহিনীর পোশাকে। দেশটির আধাসামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ডন বলেছে, প্রায় ১৫ থেকে ২০ জন অজ্ঞাত বন্দুকধারী ওরমারা এলাকার মাকরান উপকূলীয় মহাসড়কে ১৫ থেকে ২০ মিনিট ধরে এ হামলা চালায়।
প্রথমে তারা করাচি থেকে গওয়াদরগামী পাঁচ থেকে ছয়টি বাস থামায়। এ সময় যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে তারা। এরপর ১৬ জন যাত্রীকে বাস থেকে নামিয়ে তাদের মধ্যে অন্তত ১৪ জনকে গুলি করে হত্যা করে। দুই যাত্রী কোনোরকমে রক্ষা পান এবং তারাই পালিয়ে গিয়ে নিকটবর্তী আধাসামরিক বাহিনীর চেকপোস্টে খবর দেন। পরে আধাসামরিক বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় নূর বক্স হোটেল থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। তবে স্থানীয় কর্মকর্তারা এ হত্যাকাণ্ডের বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
