বিক্ষিপ্ত সহিংসতা ও বিভিন্ন রাজ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটির অভিযোগের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। গতকাল ১১টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের ৯৫টি আসনে ভোট গ্রহণ হয়। এসব আসনে ভোটার ছিলেন প্রায় সাড়ে ১৫ কোটি আর প্রার্থী ছিলেন প্রায় ১৬০০। দ্বিতীয় দফা নির্বাচনের আগে ওড়িশায় মাওবাদীদের হামলায় এক নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছেন। ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় এক নিরাপত্তা কর্মী আহত হন। এছাড়া ভোট চলাকালে পশ্চিমবঙ্গের ইসলামপুরে সিপিএম প্রার্থীর গাড়িবহরে হামলা হয়েছে এবং দার্জিলিংয়ের চোপড়ায় দফায় দফায় সংঘর্ষ ঠেকাতে পুলিশকে গুলি চালাতে হয়েছে। তামিল নাড়ু, কেরালা ও মহারাষ্ট্র-সহ বেশ কয়েকটি রাজ্যের কিছু বুথে ইভিএম, ভিভিপ্যাট খারাপ হওয়ার খবর মিলেছে। সাত ধাপের ভোট ১৯ মে পর্যন্ত চলবে। ২৩ মে ভোট গণনা হবে। দিল্লির ক্ষমতায় কে বসবেন ওই দিনই জানা যাবে।
গতকাল দক্ষিণ ভারতের রাজ্য তামিল নাড়ুর একটি বাদে সব আসনেই ভোট গ্রহণ হয়েছে। গত এক সপ্তাহে রাজ্যটির বিভিন্ন জায়গায় আয়কর বিভাগের তল্লাশি অভিযানে প্রায় ৫০০ কোটি রুপি উদ্ধার হয়। যা নির্বাচন কমিশনকে চিন্তায় ফেলেছে। এর প্রেক্ষিতে ভেলোর আসনের নির্বাচন স্থগিত করা হয়। ৩৮টি লোকসভা আসনের পাশাপাশি তামিল নাড়ুতে ১৮টি বিধানসভার আসনেও উপনির্বাচন হয়েছে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি এই রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে’র সঙ্গে জোট করে নির্বাচন করছে। অন্যদিকে কংগ্রেস জোট করেছে রাজ্যের বিরোধীদল ডিএমকে’র সঙ্গে। এই রাজ্যের নির্বাচনকে দুই জোটের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
আসাম ও বিহারের ৫টি করে আসনে ভোট গ্রহণ হয়েছে। জম্মু-কাশ্মীরের দুটি আসনে, কর্নাটকের ১৪টি এবং মহারাষ্ট্রে ১০টি আসনেও ভোটগ্রহণ হয়েছে। মনিপুরের একটি, ওড়িশার তিনটি, উত্তর প্রদেশের আটটি, পশ্চিমবঙ্গের তিনটি, পন্ডিচেরির একটি এবং ছত্রিশগড়ের তিনটি আসনে গতকাল ভোটগ্রহণ হয়। সকাল সাতটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট শুরু হতেই বিভিন্ন রাজ্যের একাধিক বুথ থেকে ইভিএম-ভিভিপ্যাট বিকলের খবর আসতে শুরু করে। তবে অত্যন্ত তত্পরতার সঙ্গে সেই সব ইভিএম সরিয়ে বিকল্প ভোটযন্ত্রের ব্যবস্থা করছেন নির্বাচন কমিশনের কর্তারা।
গতকাল দার্জিলিং, রায়গঞ্জ এবং জলপাইগুড়ি আসনে ভোট গ্রহণ হয়। এদিন বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ২৫ জনকে। দার্জিলিংয়ের চোপড়ায় সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৫০ জন। দুইপক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশ প্রথমে লাঠিচার্জ এবং পরে টিয়ারসেল নিক্ষেপ করে। রায়গঞ্জের বামফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সেলিমের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। তার ওপর হামলার প্রতিবাদে কলকাতায় নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসে সিপিএম। পরে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় তারা।
গতকালের ভোটে ভাগ্য নির্ধারিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা বিমান, ডিএমকে নেত্রী কানিমোজি, কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ভিরাপ্পা মৌলি, বিজেপির এমপি হেমা মালিনী এবং ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহ’র। ওড়িশায় বিধানসভা নির্বাচনও হয়েছে গতকাল। তাতে দুটি আসন থেকে লড়ছেন চারবারের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এবার জিতলে টানা পাঁচবার মুখ্যমন্ত্রী হবেন তিনি।
এই ধাপে নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ প্রভাবশালী রাজনীতিকরা ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছেন। নির্বাচনের আগে উত্তর প্রদেশের চার নেতার প্রচারণায় অংশ নেওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফা ভোট গ্রহণ করা হবে।
রাজনীতিকদের প্রচারণা ও বাগযুদ্ধ অব্যাহত
দুর্নীতি, পরিবারতন্ত্র এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি ২০১৪ সালের মতো এবারো বিপুল জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। একইসঙ্গে ভোটারদেরকে একটি শক্তিশালী সরকার বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ওড়িশার সম্বলপুরে মোদির হেলিকপ্টারে তল্লাশি চালানোর ঘটনায় এক কর্মকর্তাকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী পর্যবেক্ষক ১৯৯৬ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইএএস কর্মকর্তা মোহাম্মদ মোহসিন মোদির হেলিকপ্টারে তল্লাশি চালানোর কারণে তার যাত্রা প্রায় ১৫ মিনিট বিলম্ব হয়।
