নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এক ডজন বিএনপি নেতার আগাম জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেয়। আদেশের পর অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ইতোপূর্বে আপিল বিভাগ আগাম জামিনের বিষয়ে গাইডলাইন দিয়েছিলো; কিন্তু হাইকোর্ট বিভাগ ওই গাইডলাইনের বাইরে গিয়ে অনেকগুলো মামলায় আট সপ্তাহ আবার কোনোটির ক্ষেত্রে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত আগাম জামিন দিয়েছে। এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। আপিল বিভাগ আমাদের আপিল নিষ্পত্তি করে দিয়েছে। তিনি বলেন, যেহেতু আমাদের আপিল খারিজ করেনি সেহেতু আগাম জামিনের ব্যাপারে আপিল বিভাগ নতুন গাইডলাইন দেবে। আদেশের অনুলিপি পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। একাদশ সংসদ নির্বাচনের পূর্বে বিভিন্ন নাশকতার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন মির্জা ফখরুল, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, খন্দকার মাহবুব হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরকতউল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হাজী সালাহউদ্দিন আহমেদ, মো. শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. মোরশেদ হাসান খান ও মো. আমিনুর রহমানও আগাম জামিন পান। হাইকোর্টের দেওয়া এই আগাম জামিনের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ওই আপিল নিষ্পত্তি করে আদেশ দেয় আপিল বিভাগ।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আপিল বিভাগের সিদ্ধান্ত রয়েছে চার সপ্তাহের বেশি জামিন দেওয়া যাবে না। এতে হাইকোর্টের ক্ষমতা খর্ব করা হয়েছে। উচ্চ আদালতের ক্ষমতা খর্ব না করে জনস্বার্থে ওই সিদ্ধান্তের পরিবর্তন হওয়া দরকার। আপিল বিভাগের আগের গাইডলাইনের কারণে আগাম জামিন সীমিত হয়ে গেছে।
