রাজধানীর পল্লবীর কালশীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু হয়।
অভিযানে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও থানা পুলিশ অংশ নিয়েছে। এ সময় ডিএমপির ডগ স্কোয়াড অভিযানে অংশ নেয়। মিরপুর বিভাগের ডিসি মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
ডিসি মাসুদ আহমেদ ঘটনাস্থল থেকে বলেন, সারাদেশে চলা মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। ডিএমপির ডিবি, সিটিটিসি ও ডগ স্কোয়াডের সমন্বিত দল অভিযান চালায়। অভিযানে ৭ জন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, মিরপুরের কালশী, বিহারী কলোনী ও তার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২১১০ পিস ইয়াবা, ৬৬০ গ্রাম হেরোইন, ৬ কেজি গাঁজা ও ৬০ লিটার চোলাই মদ।
ইত্তেফাক/ইউবি
