বিড়ি শিল্প রক্ষায় সিরাজগঞ্জে সমাবেশ, বরিশালে মানববন্ধন

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৭:৪৯
সিগারেট ও বিড়ির বৈষম্যমূলক শুল্ক নীতি প্রত্যাহার ও বিড়ি শিল্প রক্ষার দাবিতে রবিবার সকালে সমাবেশ করেছেন বিড়ি শ্রমিকরা। পরে তারা মানববন্ধনে অংশ নেয়। 
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সদস্য শামীম ইসলাম, বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর হোসেন।  
 
সমাবেশে আমিন উদ্দিন বিএসসি বলেন, বিড়ি শিল্প বন্ধের জন্য একটি মহল অর্থমন্ত্রীকে ভুল বুঝিয়ে চক্রান্ত করে যাচ্ছে। বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পাানি এদেশ থেকে কোটি কোটি টাকা পাচার  করে নিয়ে যাচ্ছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে। কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। বরং তাদের সুবিধা দেয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের কিছু সৎ কর্মকর্তা তাদের ইন্ধন জোগাচ্ছেন। 
 
IMG0
 
সার্বিক দিক বিবেচনা করে যতদিন সিগারেট থাকবে, ততদিন বিড়ি শিল্প টিকিয়ে রাখা, ভারতের বিড়িকে কুটির শিল্প ঘোষণা করা, ভারতের মতো প্রতি হাজার বিড়িতে শুল্ক ১৪ টাকা করা এবং যেসব ফ্যাক্টরিতে ২০ লাখ শলাকার কম বিড়ি উৎপাদন হয় তাদের কাছ থেকে শুল্ক না নেয়ার দাবি জানানো হয়।
 
এদিকে, একই দাবিতে রবিবার সকালে বরিশালে কাস্টমস অফিসের সামনে মাবনবন্ধন করেছেন বিড়ি শ্রমিকরা। 
বরিশাল মহানগরের গোড়াচাঁদ দাস রোড সংলগ্ন কাস্টমস অফিসের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এই মানববন্ধনের আয়োজন করে। 
 
IMG1
 
বাংলাদেশ বিড়ি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রনব দেবনাথ, সাধারণ সম্পাদক মো. আ. হালিম, সাবেক সভাপতি মো. হারেচ মিয়া, বিড়ি শ্রমিক মো. আ. গনিমিয়া। 
 
মানববন্ধন শেষে বরিশাল কাস্টমস কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের স্মারক লিপি প্রদান করা হয়।
 
ইত্তেফাক/কেকে