চাকরিতে ‘উপরি’ কেমন বলার মতো অবস্থা নেই ---- দুদক কমিশনার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:৫৬

দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, একসময় সামাজিকভাবে বলা হতো চাকরিতে বেতন বাদে ‘উপরি’ কেমন? এক সময় উপরি আয়ের প্রতি অনেকের নজর ছিল। এখন আর সে অবস্থা নেই বরং মানুষ এখন উপরি’র দিকে তাকাতে চায় না। অনেকেই মনেপ্রাণে এটাকে ঘৃণা করে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) উপরি গ্রহণের প্রথা ভাঙতে ফাঁদ, মামলাসহ বিভিন্ন কৌশলগত কার্যক্রম গ্রহণ করছে। তারপরেও আমাদের সমাজে দুর্নীতির ব্যাপকতা অস্বীকার করার উপায় নেই। তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা, জাতিগতভাবে দুর্নীতির প্রতি শূন্য সহিষ্ণুতা, সত্, দক্ষ ও সক্ষম সিভিল সার্ভিস তথা আমলাতন্ত্র ব্যতিরেকে দুর্নীতি দমন কিংবা সুশাসন নিশ্চিত করা কঠিন এবং কোনো কোনো ক্ষেত্রে প্রায় অসম্ভব বলে অনেকেই মনে করেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের ‘সততা সংঘ’ আয়োজিত শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজটির উপদেষ্টা   কর্নেল (অব) নুরুননবী, উত্তরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লে.কর্নেল (অব) আবদুল খালেক, কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে দুদক কমিশনার শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী বিভিন্ন সুবচন ও শ্লোগান সংবলিত খাতা, জ্যামিতি বক্স, ব্যাগ বিতরণ করেন। সমাবেশের আগে দুদক কমিশনার মাইলস্টোন কলেজে নতুন একটি সততা স্টোর উদ্বোধন করেন।