পাঁচ সরকারি অফিসে দুদকের অভিযানে দুর্নীতির চিত্র

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২২:৫৭

দেশের ৫ জেলায় ৫ সরকারি দপ্তরে অভিযান চালিয়ে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কুষ্টিয়া সিভিল সার্জনের অফিস, বগুড়ায় যুব উয়ন্নন অধিদপ্তর, রাঙ্গামাটিতে জেলা বন বিভাগ, নীলফামারীতে বিআরটিএ অফিস এবং পঞ্চগড়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গতকাল দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন ১০৬) অভিযোগ পেয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম পৃথকভাবে এসব অভিযান চালায়।

দুদকসূত্র জানায়, কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে স্বাস্থ্যগত ছাড়পত্র প্রদানে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগে গতকাল অভিযান পরিচালনা করেছে দুদকের   কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম। দুদক অভিযোগ কেন্দ্রে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এ অভিযানে টিম জানতে পারে, বিদেশ গমনেচ্ছু শ্রমিক ও চাকরি প্রার্থীদের ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে কোনো রেজিস্টার অনুসরণ করা  হয় না। এছাড়াও আবেদনকারীদের কাগজপত্র যথাযথভাবে ডকুমেন্টেশন করা হয় না। প্রত্যেক স্বাস্থ্য সনদ প্রদানের জন্য ৩০০ টাকা নেওয়া হয় মর্মে দুদক টিম জানতে পারে। এ বিষয়ে একটি সুপারিশমালা টিম কর্তৃক দাখিল করা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সেখানে বেশকিছু অনিয়ম পরিলক্ষিত হয়। টিম অভিযোগ সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হবে।

রাঙ্গামাটি জেলায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা এবং দুর্নীতির ফলে বনাঞ্চল বেদখল হয়ে যাওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করছে দুদক। দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম বন বিভাগে অভিযান পরিচালনা করে। যে সকল কর্মচারীর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, দুদক টিমের উপস্থিতিতে তাদের সতর্ক করা হয়। দুদক টিম অভিযোগ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

দুদকসূত্র জানায়, নীলফামারী বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স প্রদান, গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদান, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, গাড়ির মালিকানা পরিবর্তন, ডিজিটাল নম্বরে প্লে­ট ইত্যাদি সেবা প্রাপ্তিতে ঘুষ-লেনদেন ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের প্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অনুরোধে জেলা প্রশাসনের পক্ষ হতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুই দালালকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে মর্মে জেলা প্রশাসন, নীলফামারী দুদককে অবহিত করেছে।

অপরদিকে পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রদানে অনিয়ম ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগে দুদকের অনুরোধে পঞ্চগড় জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের টিম উক্ত অফিসে ব্যাপক অনিয়মের অস্তিত্ব পায়। এ অনিয়ম রোধকল্পে জেলা প্রশাসনের পক্ষ হতে পাসপোর্ট অফিসের কর্মচারীদের ছবি সংবলিত তালিকা দৃশ্যমান স্থানে স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। একইভাবে সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য আইডি কার্ড পরিধান করা বাধ্যতামূলক করা হয়।