ফেনীর ট্রাংক রোডে কেন্দ্রীয় বড় জামে মসজিদের পূর্বপার্শ্বে একটি হার্ডওয়্যারের দোকানে রক্ষিত গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম নূরুল আলম (২৫), পিতা নূরুল করিম। তিনি আরকে হার্ডওয়্যারের কর্মচারী। ফেনী মাইজবাড়িয়ায় বাসিন্দা।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁঞা জানান, সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ট্রাংক রোডে পাশাপাশি দুটি হার্ডওয়্যাার দোকানের মধ্যে একটিতে রক্ষিত গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণ ঘটে আগুন লাগে। দুর্ঘটনার পর ফেনী, ছাগলনাইয়া ও ফুলগাজী ৩টি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় সিরাজ হার্ডওয়্যারের একজন কর্মচারীকে খুজে পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে ক্ষয়ক্ষতি নিরূপন করতে না পারলেও ৪টি দোকানের প্রায় ২ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপ-পরিচালক ধারণা করেছেন।
উল্লেখ্য, ফেনী শহরের প্রত্যেকটি হার্ডওয়্যার ও মুদি দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেছে। এটি একটি দাহ্য পদার্থ। নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে এ ঘটনার পর প্রশাসন ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।
ইত্তেফাক/নূহু
