রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০১৮, ১৬:৪৮
রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে।
 
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ রবি উল্লাহ জানান, গত রাত ৩টার দিকে ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় ঢাকাগামী একটি চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (১৩) এক শিশুর মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তার পরনে ছিল সাদা গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার একটি প্যান্ট।
 
রবি উল্লাহ আরো জানান, আজ সকাল ৯টার দিকে খিলক্ষেত রেলগেটে উত্তর পাশের রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি চলন্ত ট্রেনে কাটা পড়ে কাজী মানিক হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পিতার নাম আনছার আলী। বাড়ি নওগাঁ জেলার বোয়ালিয়া উপজেলায়। মানিক হোসেন খিলক্ষেত বনরূপা এলাকায় বাস করতেন।
 
দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু