জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের দুই গ্রুপের বিরোধের জেরে রাজধানীর মতিঝিলস্থ ওয়াপদ ভবন প্রাঙ্গণ এবং আশপাশ এলাকায় কোন প্রকার সভা অনুষ্ঠান করা নিষিদ্ধ করেছে পুলিশ। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন।
এ দিকে মঙ্গলবার মতিঝিল থানা পুলিশের এসআই সফিকুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বাপাউবোর পরিচালক (সম্পত্তি ও যানবাহন পরিদফতর) পুলিশকে জানায়, মাহে রমজান উপলক্ষে বুধবার সকাল সাড়ে দশটার দিকে ওয়াপ ভবন প্রাঙ্গণে বিউবোর্ডের দেশব্যাপী শ্রমিক কর্মচারীদের সমাবেশ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভাকে কেন্দ্র করে একই শ্রমিক সংগঠনের দুই গ্রুপের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিতে পারে। এ অবস্থায় ওয়াপদা ভবনের আশপাশ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সম্ভাবনা রয়েছে। তাই আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত স্থানে ইফতার মাহফিল, সভা, সমাবেশ, মিটিং ও মিছিল করতে পারবে না।
ইত্তেফাক/এমআই
