গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে ডাকাতির সময় পুলিশের গুলিতে আহত তোতা মণ্ডল (৪৫) নামের সেই ডাকাতের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তোতা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর বিকরা গ্রামের খবির উল্লাহ মণ্ডলের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান, গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ধুসর ব্রিজের কাছে রাস্তায় গাছ ফেলে ট্রাক ও বাসে ডাকাতি করছিল সাত-আটজনের একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা রেললাইন ধরে ভাটিয়াপাড়ার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ও স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে তারা পাথর ছুঁড়তে থাকেন। ডাকাতদের ছোঁ০ড়া পাথরের আঘাতে পুলিশ কনস্টেবল আজিজুল (২৩) আহত হলে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। এতে তোতা নামে ওই ডাকাতের পায়ে গুলি লাগে। এক পর্যায়ে স্থানীয়রা তোতা, হারান মণ্ডল ও আবির হাসান নামে তিন ডাকাতকে ধরে গণপিটুনি দেন স্থানীয় জনগণ। বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ওই তিন ডাকাতকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তোতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তোতা মারা যান।
আহত পুলিশ সদস্যকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। ডাকাত দলের সদস্য হারান (৩০) রাজবাড়ী জেলার শ্রীপুর গ্রামের কাশেম মণ্ডলের ছেলে এবং আবির (৩২) ঝিনাইদাহ শহরের তিন নম্বর পানির ট্যাংকপাড়ার রজব আলীর ছেলে।
ইত্তেফাক/এসএস
