ড্রেন না থাকায় সড়কই ড্রেনে পরিণত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০০:৪২

নারায়ণগঞ্জ: এক সময় শহর থেকে উপজেলা পরিষদে যাওয়ার একমাত্র পথ ছিল এই সড়কটি। এই সড়ক দিয়ে বড় বড় যানবাহনের পাশাপাশি এলাকার শত শত লোক পায়ে হেঁটে চলাচল করতেন। কিন্তু এখন সড়কটি মানব ব্যবহার্য ময়লা পানিতে সয়লাব থাকায় এটি হেঁটে চলার অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধময় পানিতে সয়লাব এই রাস্তা দিয়ে বড় যানবাহনও খুব একটা চলাচল করে না। মাঝে মাঝে কিছু রিকশা ও অটোরিকশা চলতে দেখা যায়। একেবারে নিরুপায় না হলে কেউ এই সড়ক মাড়াতে চান না। নারায়ণগঞ্জ সদর উপজেলা সড়কের চানমারি এলাকার ‘ফরিদা ভবন’ থেকে ইসদাইর রাবেয়া হোসেন হাইস্কুল পর্যন্ত অংশের এমন বেহাল অবস্থা। সিটি করপোরেশনের আওতাধীন এই সড়কটির পশ্চিম পাশে জনবহুল আবাসিক এলাকা গড়ে ওঠেছে। রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং দু’টো স্কুল। স্কুলের শিক্ষার্থী ও অফিসের লোকজন নিরুপায় হয়ে ময়লা পানিতে প্লাবিত এই রাস্তা দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন। এক হাতে নাকে রুমাল চেপে এবং অন্য হাতে পরনের কাপড় উঁচিয়ে চলতে হচ্ছে। ‘ফরিদা ভবন’ এর মালিক মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার বলেন, সড়কে ড্রেন করার ব্যাপারে সিটি সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, জাইকা’র অর্থায়নে ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আসগর হোসেন জানান, খুব শিগগিরই ড্রেন নির্মাণের কাজ ধরা হবে। টেন্ডার প্রক্রিয়া চলছে                 —ইত্তেফাক