পদত্যাগ করলেন মিশরের প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৭:১০
মিশরের প্রধানমন্ত্রী ইসমাইল শরীফ পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর গতকাল তার এই পদত্যাগের সিদ্ধান্ত আসল। 
 
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নতুন মেয়াদ শুরুর পর সরকার পদত্যাগ করে থাকে। সে অনুযায়ী প্রেসিডেন্ট জেনারেল সিসির নিকট শরীফ পদত্যাগপত্র পেশ করেছেন। চার দিন আগে জেনারেল সিসি চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে তিনি এখন মন্ত্রী সভায় রদবদলের সুযোগ পাবেন। 
 
৬২ বছর বয়সী ইসমাইল শরীফ ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি দেশটির পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। 
 
ইত্তেফাক/কেআই